পুবের কলম ওয়েব ডেস্ক: অভয়া-কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন সদ্য পদত্যাগী তৃণমূল নেতা ও আর জি করের প্রাক্তন চিকিৎসক শান্তনু সেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ওই ঘটনার নেপথ্যে শুধুমাত্র একজন নয়, আরও একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। তদন্তে প্রয়োজন হলে নিজের হাতে থাকা তথ্য ও নথি তুলে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
শান্তনু সেনের বক্তব্য, ঘটনার পর থেকে তিনি চিকিৎসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি খুঁটিয়ে দেখেছেন। তাঁর দাবি, সেইসব নথিতে এমন কিছু তথ্য রয়েছে যা থেকে স্পষ্ট হয়, পুরো ঘটনায় একাধিক ব্যক্তির ভূমিকা থাকতে পারে। অতীতে তদন্তে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করলেও তা গুরুত্ব পায়নি বলেও অভিযোগ তাঁর। এখানেই থেমে থাকেননি তিনি।
নাম করে রাজ্যের কয়েকজন প্রভাবশালী নেতা ও চিকিৎসকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, আর জি করের ভিতরে দীর্ঘদিন ধরে এক অস্বাভাবিক যোগসাজশ চলছিল এবং সে বিষয়ে তিনি আগেই উচ্চপর্যায়ে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে তাঁকে চুপ করিয়ে রাখার চেষ্টা হয়েছিল বলেও দাবি করেন তিনি।আরও পড়ুন:
শান্তনু সেন জানান, দ্বিতীয়বার রোগী কল্যাণ সমিতির দায়িত্বে আসার পর থেকেই তিনি হাসপাতালের ভিতরে নানা অনিয়ম টের পান। আর্থিক দুর্নীতি থেকে প্রশাসনিক অসঙ্গতি একাধিক বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। সেই সব তথ্য নিয়ে রাজ্যের শীর্ষ মহলে বারবার জানিয়েছেন বলেও তাঁর বক্তব্য।
কিন্তু প্রত্যাশিত পদক্ষেপ হয়নি বলে তিনি হতাশা প্রকাশ করেন।আরও পড়ুন:
তাঁর অভিযোগ, অভয়ার ঘটনার পর তিনি সরব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর মতে, সেই সময় তিনি কার্যত একা হয়ে পড়েছিলেন। ব্যক্তিগত স্তরেও চাপের মুখে পড়ার অভিযোগ তুলেছেন শান্তনু সেন। তাঁর দাবি, সেই সময়ে তাঁর মেয়ে আর জি করে চিকিৎসাশাস্ত্রের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁকে নানা ভাবে ভয় দেখানো হত বলেও অভিযোগ।
সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ থেকেও তাঁকে দূরে সরিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এমনকি পড়াশোনার ভবিষ্যৎ নিয়েও চাপ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ তাঁর। শান্তনু সেন স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক পালাবদলের পর তিনি এই অভিযোগ করছেন এমনটা নয়। তাঁর দাবি, তিনি বহু আগেই হাসপাতালের নানা অনিয়ম নিয়ে সরব হয়েছিলেন। সে সময়ও দলের ভিতরে বিষয়টি জানানো হয়েছিল।আরও পড়ুন:
অন্যদিকে, অভয়ার পরিবারের পক্ষ থেকেও শুরু থেকেই দাবি করা হয়েছিল যে, পুরো ঘটনায় একজনের বেশি লোক জড়িত থাকতে পারে। নতুন করে তদন্ত শুরু হওয়ায় সত্য সামনে আসবে বলে তাঁদের আশা।
শান্তনু সেনের এই মন্তব্য সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।