পুবের কলম ওয়েবডেস্কঃ আরও ১৯টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বুধবার সন্ধ্যায় বিজেপি নেতৃত্ব তৃতীয় দফার তালিকা ঘোষণা করে। তাতে রয়েছে আরজি করের নির্যাতিতার মায়ের নাম। তাঁকে প্রত্যাশামতোই পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

এছাড়াও উত্তরবঙ্গের জন্য বেশকিছু প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃতীয় তালিকায়। 

তালিকা অনুযায়ী, কোচবিহার দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে রথীন্দ্রনাথ বোসকে, রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে দীনেশ সরকারকে, ইসলামপুরে প্রার্থী হয়েছেন চিরঞ্জিত রায়, ইংলিশবাজারে অম্লান ভাদুড়ি, হেমতাবাদে হরিপদ বর্মণকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এছাড়া, নদিয়ার শান্তিপুর থেকে স্বপন দাস, হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী, সিঙ্গুরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহকে প্রার্থী করা হয়েছে। চুঁচুড়ায় প্রার্থী হয়েছেন সুবীর নাগ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদার।

অন্যদিকে, কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংহকে টিকিট দিয়েছে বিজেপি। 

আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মাকে টিকিট ইচ্ছে প্রকাশ আগেই করেছিল বিজেপি। তিনি নিজেও বিজেপির টিকিটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তারপর তিনি এবং তাঁর স্বামী বিজেপিতে যোগ দেন। এরপর এবার বিজেপি টিকিট দিল নির্যাতিতার মাকে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিলেন, দল কাকে টিকিট দেবে কি দেবে না সেটা দিল্লি থেকেই ঠিক হয়।