পুবের কলম, ওয়েবডেস্ক: তফসিলি জাতি স্বীকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত। আদালত জানিয়ে দিয়েছে, কেবল হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাই তফসিলি জাতিভুক্ত হিসেবে স্বীকৃতি দাবি করতে পারেন। অন্য কোনও ধর্মে ধর্মান্তরিত হলে সেই ব্যক্তি আর তফসিলি জাতির মর্যাদা ধরে রাখতে পারবেন না। বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এন ভি অঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হয়।
আদালত স্পষ্ট করে জানায়, ধর্মান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গেই তফসিলি জাতিভুক্ত হওয়ার স্বীকৃতিও বিলুপ্ত হয়ে যায়।মামলাটি উঠে আসে অন্ধ্রপ্রদেশ থেকে। সেখানে এক ব্যক্তি, যিনি আগে তফসিলি জাতিভুক্ত ছিলেন, পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপর তাঁর উপর হামলার ঘটনায় তফসিলি জাতি ও জনজাতির উপর অত্যাচার প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের দাবি ছিল, যেহেতু ওই ব্যক্তি ধর্মান্তরিত হয়েছেন, তাই এই আইনের আওতায় মামলা চলতে পারে না।
প্রথমে অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালত এই যুক্তি মেনে নেয় এবং জানায়, খ্রিস্ট ধর্মে বর্ণপ্রথা না থাকায় তফসিলি জাতি সংক্রান্ত আইন প্রযোজ্য নয়। ফলে অভিযোগ খারিজের নির্দেশ দেওয়া হয়। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান মামলাকারী। তবে শীর্ষ আদালতও উচ্চ আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। ফলে এই রায়ে স্পষ্ট হল, ধর্মান্তরিত হওয়ার পর তফসিলি জাতি হিসেবে কোনও আইনি সুবিধা বা সুরক্ষা দাবি করা যাবে না।