সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে রাজ্যে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অন্তত দু’সপ্তাহ পিছোচ্ছে। কমিশন সূত্রে খবর, বিপুল সংখ্যক শুনানি ও নোটিস সংক্রান্ত কাজ অসম্পূর্ণ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কমিশনকে সন্দেহজনক বা লজিকাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে এবং নথি জমার জন্য দিতে হবে অন্তত ১০ দিনের সময়। বর্তমানে লক্ষ লক্ষ ভোটারের শুনানি বাকি, বহু জেলায় নোটিস তৈরির কাজও শেষ হয়নি।
এই পরিস্থিতিতে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দিল্লির কমিশনের নির্দেশে ২৪ জানুয়ারির মধ্যে প্রতিটি পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে ‘সন্দেহজনক’ ও ‘আনম্যাপড’ ভোটারদের তালিকা প্রকাশ বাধ্যতামূলক। পাশাপাশি জন্মতারিখ উল্লেখ থাকা অ্যাডমিট কার্ডও নথি হিসেবে গ্রহণ করা হবে। সূত্রের খবর, এখন ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য ধরা হয়েছে। তালিকা প্রকাশ বিলম্বিত হলে ভোটের নির্ঘণ্টও পিছোতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।