পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে ভোট যুদ্ধে লড়বেন যুবরাজ সিংহ। এনিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর জল্পনা। সম্প্রতি সংবাদমাধ্যম দাবি করে, বিজেপির টিকিটে পঞ্জাবের গুরুদাসপুর থেকে লড়বেন তিনি। এমন খবরেই সরগরম ছিল জাতীয় রাজনীতি।

আদৌও কি ভোট যুদ্ধে লড়বেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার? গত কয়েক দিন ধরে চলা জল্পনার অবসান ঘটালেন যুবরাজ সিংহ নিজেই। তাঁর অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়েছেন, রাজনীতিতে পা রাখছেন না তিনি। শুক্রবার এক্স হ্যান্ডেলে যুবরাজ লেখেন, "সংবাদমাধ্যমে যে খবর দেখানো হয়েছে, তা ঠিক নয়।
আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে লড়ছি না।"

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর সঙ্গে দেখা করেছিলেন যুবরাজ। এরপর থেকেই প্রাক্তন ক্রিকেটারের রাজনীতিতে যোগের জল্পনা শুরু হয়। সব জল্পনা উড়িয়ে ক্রিকেটার লেখেন, "আমার লক্ষ্য হল সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সাহায্য করা। সেই কাজ আমি আমার ফাউন্ডেশন ‘ইউউইক্যান’-এর মাধ্যমে করে থাকি। আগামী দিনেও একই ভাবে সেই কাজ চালিয়ে যাব।"