পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় রাজ্যের শ্রম দফতরের উদ্যোগে ৩১ জানুয়ারি থেকে দু'দিনের জন্য কলকাতায় শুরু হল শ্রমিক মেলা। শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তুলে ধরলেন শ্রমিকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা, বেকারত্ব সহ একাধিক সমস্যার কথা। সরাসরি নাম না করে শশী পাঁজা বলেন, কিছু মানুষ ভুল এবং কুৎসা রটানোর জন্য থাকেন এ রাজ্যে। কেন্দ্রীয় সরকারের হাতে অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যে এধরণের সামাজিক সুরক্ষা যোজনার কোনও প্রকল্প নেই।
বরং স্বাস্থ্যের ক্ষেত্রে বা অন্যান্য প্রধানমন্ত্রীর কোনও প্রকল্পের সঙ্গে শ্রমিকদের যুক্ত করা হয়েছে। যেখানে একজন মানুষ শ্রমিক না হয়েও যুক্ত হতে পারেন। তাদেরও(কেন্দ্রের) তো শ্রম দফতর আছে। তারা যে একটা নির্দিষ্ট শ্রম প্রকল্প রাখবে সেটা করেনি কিন্তু, এই রাজ্যে তা আছে। তিনি আরও বলেন, স্বাধীন ভারতে সবথেকে বেশি বেকারত্বের সমস্যা এই বিজেপি সরকারের সময় দেখা যাচ্ছে। চাকরি নেই ভারতে। সেখানে পশ্চিমবঙ্গে চাকরি তৈরি করার জন্য এধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।আরও পড়ুন:
অন্যদিকে, রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক বলেন, আমাদের রাজ্যে ২০১১ সালের পরে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা শ্রমিক মেলা করে থাকি এবং এবছরও রাজ্যের প্রতিটি জেলায় শ্রমিক মেলা হচ্ছে। ১৪ তারিখে এই আসানসোলে এই মেলা শুরু হয়েছিল এবং আজকে কলকাতার এই মেলা দিয়ে শেষ হবে। আজ এবং কাল দুদিন এই মেলা চলবে।