পুবের কলম, ওয়েবডেস্ক: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। গত শনিবার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর ফের ভূমিকম্প আঘাত হানল দেশটিতে।

  ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। সর্বশেষ কম্পনে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এই অঞ্চলের সবকিছু ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গ্রামগুলোর সামান্যই অবশিষ্ট আছে।
 ৬.৩ মাত্রার ভূমিকম্পটি হেরাত প্রদেশের রাজধানীর বাইরে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) এবং ১০ কিলোমিটার (৬মাইল) গভীরে ছিল।

এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে প্রথমে ৬.৩ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫.৫, ৪.৭, ৬.৩ ও ৫.৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।  ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে।

তালিবান  কর্মকর্তারা জানিয়েছেন, গত ভূমিকম্পের পর হেরাত জুড়ে ২ হাজারেরও বেশি লোক মারা গেছে। তারা পরবর্তীতে আবার বলেছেন, ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে কিন্তু হতাহতের সঠিক সংখ্যা উল্লেখ করেনি।