লখনই, ৩১ মে: জন্মদিনে উপলক্ষে নানা কৌশলে সারপ্রাইজ দিয়ে থাকেন অনেকেই। এক অবাক করার মত জন্মদিন পালণের ঘটনা প্রকাশ্যে এসেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিয়োতে দেখা গিয়েছে, ২০টিরও বেশি গাড়ি নিয়ে রাস্তা অবরোধ করে চলল বন্ধুর জন্মদিন। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনইয়ের।

বৃহস্পতিবার ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এরপরই আইনী পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, একানা স্টেডিয়ামের সার্ভিস রোডের পাশে শহিদ পথের দু'টি নামী শপিং মলের মাঝখানে ২০-২৫টি গাড়ি রাস্তা অবরোধ করে জন্মদিন পালণ করতে। সুশান্ত গল্ফ সিটি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

দক্ষিণের অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার (ADCP) শশাঙ্ক সিং বলেন, "পুলিশের নজরে এসেছে তারা একটি জন্মদিনের পার্টি উদযাপন করছিল। সুশান্ত গল্ফ সিটি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গাড়ির নম্বর প্লেট দেখে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

এডিসিপি সিং আরও জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ২৮৩ ধারা (জনসাধারণের পথে বাধা), মোটর ভেহিকেল আইন লঙ্ঘন এবং পাঁচজনের বেশি ব্যক্তির জমায়েত সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। আশিয়ানা ও পুরাতন শহর এলাকায় অবস্থিত আবাসিক এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।