পুবের কলম,ওয়েবডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীর শাহ চেরাগ মাজারে আবারও সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন। প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, রবিবার দুই ব্যক্তি শাহ চেরাগ মাজারে বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে।
তাদের একজনকে আটক করা সম্ভব হলেও আরেকজন পালিয়ে যায়। হামলায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর পুলিশি তৎপরতায় ৪ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।আরও পড়ুন:
সূত্রের খবর, সন্ত্রাসী হামলায় জড়িতরা প্রত্যেকেই বিদেশি নাগরিক।
তাদের একজন কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করলে তাকে ধরে ফেলা হয়। অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি ও ফার্স প্রদেশের গভর্নর হাদি ইমানিয়েকে নির্দেশ দিয়েছেন।আরও পড়ুন:
তিনি বলেছেন, এই হামলায় জড়িত প্রতিটি ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে। প্রেসিডেন্ট রাইসি সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত, ইরানের শিরাজ নগরীর শাহ চেরাগ মাজারে ২০২২ সালের ২৬ অক্টোবর এক সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ ১৫ জিয়ারতকারী নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হন। হামলার সময় এক বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করে নিরাপত্তা বাহিনী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হামলায় জড়িত অপর দুই ব্যক্তির মৃত্যুদণ্ড গত মাসে কার্যকর করা হয়েছে।