পুবের কলম,ওয়েবডেস্ক: প্রকৃতির সৌন্দর্যে বিভোর হয়ে মানুষ ছুটে যায় প্রকৃতির টানে। কতই না বিস্ময়কর দর্শনীয় স্থান রয়েছে এই পৃথিবীতে। আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ গিরিখাতও তেমন এক বিস্ময়। তবে সেখানে বেড়াতে গিয়েই ঘটল বিপত্তি। পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিল ১৩ বছরের উইয়াট কাফম্যান।
ছবি তুলতে গিয়ে হঠাৎই সে ১০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। অবশ্য পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ৮ আগস্ট গ্র্যান্ড ক্যানিয়নের অন্যতম আকর্ষণীয় স্থান নর্থ রিমে এই ঘটনা ঘটে। ওই শিশুর  বাড়ি নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে। উইয়াট জানায়, অন্যেরা যাতে ছবি তুলতে পারে তাই সে একবারে প্রান্তে চলে গিয়েছিল।
এরপরে সে অনেকটা বসে পড়ে এক হাত দিয়ে একটি পাথর আঁকড়ে ধরে। পাথর থেকে হাত সরে যেতেই সে নিচে পড়তে থাকে। এরপর তাঁর আর কিছু মনে নেই। দুই ঘণ্টার চেষ্টার পর উইয়াটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের একটি উদ্ধারকারী দল। তাকে হেলিকপ্টারে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি করা হয়। এখন সে সুস্থ।