কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী বুধবার বিহারে তাঁর প্রথম নির্বাচনী জনসভা করবেন, যা ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক যৌথ প্রচার হিসেবে ধরা হচ্ছে। রাহুল ও তেজস্বী সভা করবেন মুজফ্ফরপুর জেলার সাকরা এবং দরভঙ্গায়। বিহার কংগ্রেসের মিডিয়া চেয়ারম্যান রাজেশ রাঠোর জানিয়েছেন, এই নির্বাচনী পর্যায়ে রাহুল গান্ধীর এটাই রাজ্যে প্রথম সফর। তিনি প্রথমে সাকরায় জনসভায় অংশ নেবেন, যেখানে কংগ্রেস প্রার্থী উমেশ কুমার রাম-এর প্রচার করবেন।
পরে তেজস্বী যাদবের সঙ্গে দরভঙ্গায় দ্বিতীয় সভায় যোগ দেবেন, যেখানে মিঠিলাঞ্চল অঞ্চলের মহাজোটের প্রার্থীদের সমর্থনে আহ্বান প্রচার করা হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই জনসভাগুলিতে বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে, যা বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা দেবে। এটি চলতি নির্বাচনী প্রচারে রাহুল ও তেজস্বীর প্রথম যৌথ উপস্থিতি হতে চলেছে। উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধী আগস্ট মাসে ‘ভোটার অধিকর যাত্রা’-র সময় ১৬ দিন ধরে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিহারের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত শনিবার রাহুল গান্ধী ছট পুজোর সময়ে পর্যাপ্ত ট্রেনের অভাব নিয়ে কেন্দ্রীয় সরকারকে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেন, যেখানে তিনি বলেন,এতে বিহারে ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।