রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে—এমন দাবি করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তুলেছেন, এই প্রচেষ্টার পরও ইউক্রেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ‘সম্পূর্ণ ব্যর্থ’। সামাজিক মাধ্যমে এক ক্ষোভঝরা পোস্টে তিনি ইউক্রেনকে আবারও ‘অকৃতজ্ঞ’ হিসেবে আখ্যা দেন। রবিবার ট্রাম্পের ট্রুথ সোশাল পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতারা সেই পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন।

এই বৈঠকের আগে ট্রাম্প লিখেছেন, “আমাদের উদ্যোগের বিপরীতে ইউক্রেনের কৃতজ্ঞতা একেবারে শূন্য।” চিরাচরিত ভঙ্গিতে তিনি পোস্টে বেশ কিছু বাক্য পূর্ণ ক্যাপিটাল লেটার ব্যবহার করে লিখেছেন, যা নেটিজেনদের চোখে ‘চিৎকারের মতো’। যুদ্ধ শুরুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করলেও মস্কোর বিরুদ্ধে সরাসরি কঠোর নিন্দা করেননি ট্রাম্প। বরং তিনি বাইডেন প্রশাসনকে তীব্র সমালোচনা করে বলেছেন, যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের জন্য দায়ী ‘ঘুমকাতুরে জো বাইডেন’।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া।

দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক ভূখণ্ড রাশিয়ার দখলে চলে গেছে।

ক্ষমতায় আসার আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনবেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর তার নেওয়া বিচ্ছিন্ন উদ্যোগগুলো কোনোবারই যুদ্ধ থামাতে সক্ষম হয়নি। সর্বশেষ ২৮ দফা পরিকল্পনা প্রকাশের পর নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেও কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, ওই পরিকল্পনায় রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিঃশর্তভাবে মেনে নেওয়া হয়েছে।

রবিবারের পোস্টে ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকেও আক্রমণ করেন। তার অভিযোগ, কয়েকটি দেশ এখনও রাশিয়ার তেল কেনা বন্ধ করেনি। পাশাপাশি তিনি জো বাইডেনকে ‘দুর্নীতিবাজ জো’ আখ্যা দিয়ে দাবি করেন, তিনি ইউক্রেনকে বিনা মূল্যে অস্ত্র দিয়েছেন। দীর্ঘ পোস্টে পুতিনের নাম তিনি একবারই উল্লেখ করেন। সেখানে ট্রাম্প বলেন, “পুতিন ভেবেছিল, এখন স্লিপি জো ক্ষমতায় আছে—এটাই ইউক্রেনে হামলার সেরা সময়।” ট্রাম্পের মতে, সেই সুযোগই কাজে লাগিয়েছেন রুশ প্রেসিডেন্ট।