পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের মাঝেই এক প্রশাসনিক আধিকারিকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন ডায়মন্ড হারবারের এক এইআরও। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

মৃত আধিকারিকের নাম মালবিকা রায় ভট্টাচার্য (৪৮)। তিনি ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের শিক্ষা আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন এবং এসআইআর প্রক্রিয়ায় অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের দায়িত্বও পালন করছিলেন।

পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে এসআইআর সংক্রান্ত বিপুল কাজের চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে মেয়ের সঙ্গে ঘুমোতে যান মালবিকা। গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে শুরু করেন। স্বামী অমলেশ ভট্টাচার্য কারণ জানতে চাইলে তিনি জানান, কীটনাশক পান করেছেন। দ্রুত তাঁকে কাছাকাছি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরের দিন রাতে তাঁকে শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দু’দিন চিকিৎসার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর ঘটনার পর তাঁর স্বামী অমলেশ ভট্টাচার্য অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলেছেন । তাঁর কথায়, এসআইআর সংক্রান্ত কাজ শুরু হওয়ার পর থেকেই স্ত্রীর ওপর প্রবল চাপ তৈরি হয়েছিল। গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায়ই বলতেন, এত কাজের চাপ আর নিতে পারছেন না, প্রয়োজনে চাকরি ছেড়ে দেবেন। পরিবারের মতে, সেই চাপই তাঁকে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।