পুবের কলম ওয়েব ডেস্ক: প্রচারের মাঝেই ফের বিপত্তির মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মুর্শিদাবাদের বড়ঞা থেকে নবগ্রামের জনসভায় যাওয়ার পথে মাঝ আকাশেই প্রবল ঝড় ও বৃষ্টির মুখে পড়ে কপ্টারটি। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত গন্তব্যে নামা সম্ভব হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট হেলিকপ্টারটি ঘুরিয়ে আবার বড়ঞাতেই ফিরিয়ে আনেন। সেখানে নিরাপদে অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার।


জানা গিয়েছে, এরপর বড়ঞা থেকেই সড়কপথে নবগ্রামের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। আবহাওয়ার কারণে কিছুটা বিলম্ব হওয়ায় নবগ্রামের সভাও নির্ধারিত সময়ের থেকে পরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় টানা প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার মুর্শিদাবাদের বড়ঞায় সভা ছিল তাঁর। সভা শেষ করে দুপুর দু’টোর কিছু পরে সেখান থেকে নবগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।
বড়ঞা থেকে নবগ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার হওয়ায় হেলিকপ্টারেই যাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সূত্রের খবর, যাত্রার সময় বড়ঞার আকাশ পরিষ্কার থাকলেও মাঝপথে আচমকাই আবহাওয়া খারাপ হয়ে যায়। শুরু হয় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে বুঝেই পাইলট আর ঝুঁকি নেননি। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটি ঘুরিয়ে বড়ঞাতেই নিরাপদ অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।