পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ মিলিয়ন ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে আমেরিকা। ২০১৭ সালে মায়ানমারের সামরিক দমনপীড়নের ফলে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। এই রোহিঙ্গা সংকট বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের উদাহরণ।
আরও পড়ুন:
মায়ানমারের পুরানো নাম ব্যবহার করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘এই নতুন সহায়তা আমাদের মানবিক অংশীদারদের বার্মা-বাংলাদেশ সীমান্তের উভয় প্রান্তে থাকা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তার সুযোগ করে দেয়।’
তিনি বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে এখনও পর্যন্ত রোহিঙ্গা জনগণকে দেওয়া মার্কিন সহায়তার মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ১ বিলিয়ন ডলার। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে ৮৭৬ মিলিয়ন ডলারের প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক অনুদান কমার পর রোহিঙ্গাদের খাদ্যের রেশন কমাতে বাধ্য হয়েছে রাষ্ট্রসংঘ।