পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লাগাতার অভিযান জারি রেখেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১,০৭৬ জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ডিপোর্ট করে ভারতে ফেরত পাঠানো হয়েছে। একই সাথে অবৈধ অভিবাসন রুখতে ভারত ও আমেরিকা—উভয় পক্ষই একযোগে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
গত শুক্রবার সংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি গত বছরের পরিসংখ্যানও উল্লেখ করেন। জয়সওয়াল জানান, ২০২৫ সাল জুড়ে মোট ৩,৫৬৭ জন ভারতীয় নাগরিককে আইনি নথিপত্র না থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছিল। সেই তুলনায় চলতি বছরের প্রথম কয়েক মাসে ১,০৭৬ জনের নির্বাসন কিছুটা কম হলেও, ট্রাম্প প্রশাসনের কড়া নীতির কারণে এই প্রক্রিয়া লাগাতার জারি রয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে কোনো দেশের পক্ষ থেকে যখনই কোনো ভারতীয় নাগরিককে অবৈধ তকমা দিয়ে ফেরত পাঠানোর জন্য আবেদন করা হয়, তখন ভারত সরকার প্রথমে তাঁদের জাতীয়তা এবং নথিপত্র যাচাই করে। সত্যতা প্রমাণিত হলে তবেই তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, নির্বাসন, অভিবাসন এবং নাগরিকদের গতিশীলতা নিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে প্রতিনিয়ত উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো দুটি- কোনোভাবেই যাতে অবৈধ অভিবাসন বা অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া না হয় এবং এর সাথে জড়িত পাচারকারীদের চক্র গুঁড়িয়ে দেওয়া যায়। এই কড়াকড়ির কারণে যাতে বৈধ পথে পড়তে যাওয়া শিক্ষার্থী বা চাকরিপ্রার্থীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করা।