পুবের কলম প্রতিবেদক: ফের ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আজ শনি ও রবিবার ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।
আরও পড়ুন:
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে গত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালোই বৃষ্টি হয়েছে।
জল জমেছিল একাধিক জেলায়। নদীর জলস্তর ও বেড়েছে হু হু করে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর -পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা প্রায় ৬ কিলোমিটার ওপরে অবস্থিত। এই ঘূর্ণাবর্তটি পচিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে। এই ঘূর্ণাবর্তটি ক্রমেই পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে। আজ শনিবার এই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছে যাবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর তার জেরেই ভালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে জামশেদপুর , দিঘা হয়ে সেন্ট্রাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণে ভালো বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম এইসমস্ত জেলাগুলোতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। দুদিন ব্যাপী চলবে ভারী বৃষ্টি।
আরও পড়ুন:
উল্লেখ্য, এই দুয়ের কারণে শুক্রবার থেকেই মেঘে ঢাকা ছিল আকাশ। বিকেলের দিকে দু-এক জায়গায় বৃষ্টি ও হয়েছে। টানা দুদিন বৃষ্টির ফলে স্বাভাবিকভাবে -ই নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে নিচু জায়গাগুলো জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।