পুবের কলম, ওয়েবডেস্ক: কাজের ক্ষেত্রে সমস্যা থেকে ঘরের কোনও সমস্যা পড়লে অনেকেই ইউটিউবের আশ্রয় নিয়ে থাকেন। তাৎক্ষণিক সমাধানও হয়। একইভাবে ইউটিউবের সাহায্য নিয়ে বাড়িতে স্ত্রীর প্রসবের চেষ্টা করেন এক ব্যক্তি। আর তাতেই ঘটে বিপত্তি। ঘটনায় মা এবং সদ্যোজাতের মৃত্যু হয়। অভিযোগ, স্ত্রীকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে চাননি।
চেয়েছিলেন বাড়িতেই জন্ম হোক সন্তানের। তিনিই ইউটিউবের ভিডিও দেখে স্ত্রীকে জোর করেন বাড়িতেই প্রসবের জন্য। ঘটনাটি কেরলে তিরুঅনন্তপুরমের। মৃতার নাম শেমিরা বিবি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।আরও পড়ুন:
স্বাস্থ্যকর্মীদের বক্তব্যে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রসব বেদনা ওঠে শেমিরার।
শুরু হয় রক্তক্ষরণ। কিন্তু প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করেন মহিলার স্বামী নায়াস। ঘটনাক্রমে ওই ব্যক্তির দুটি স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী বাড়িতেই শেমিরার প্রসবের ব্যবস্থা করেন। তাতেই ঘটে বিপত্তি। শারীরিক অবস্থার অবনতি হলে মহিলাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মা ও সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় নিয়ে মুখ খুলেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি বলেন, “যা ঘটেছে তা গুরুতর অপরাধ। ঘটনাটি মর্মান্তিক এবং এটা হত্যাকাণ্ড। মা ও শিশুকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কেরলে ঘটা কাম্য নয়। এখানে মানুষ স্বাস্থ্য পরিষেবা পেতে সবসময় আগ্রহী।”