পুবের কলম প্রতিবেদক:  ভরা বসন্তেই যেন জ্যৈষ্ঠ মাসের দাবদাহ। এই অবস্থায় আসন্ন ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, তা জানতে সকলেই উৎসুক। তীব্র গরমে হাঁসফাস করতে করতে ঈদের নামায আদায় করতে হবে, নাকি মিলবে খানিকটা স্বস্তি?

রাজ্যজুড়েই ক্রমশ বাড়ছে পারদ। গত দিন দুয়েক থেকেই বেলা বাড়ার সঙ্গে যেভাবে চড়া রোদের উত্তাপের ফলে রাজ্যজুড়েই বাড়ছে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর সুত্রের খবর, রাজ্যের বাতাসে জলীয় বাষ্পের পরিমান তুলনামূলক কম থাকায় আপাতত তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। তবে তীব্র গরমের কারণে অস্বস্তি চরমে পৌঁছাবে।

আগামী পাঁচ দিন কলকাতা শহর ছাড়াও দক্ষিণবঙ্গের পাসাপাশি উত্তরের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও আলিপুর আবহাওয়া দফতর সুত্রের খবর, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

আজ শনিবার উত্তরের পাহাড় লাগোয়া দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পুর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ‘কলকাতায় গরম বাড়বে এবং আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আকাশ পরিষ্কার থাকার ফলে সপ্তাহান্তে তাপমাত্রা আরও বাড়তে পারে।’

আগামী সোমবার তথা সম্ভাব্য ইদ-উল-ফিতরের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও তিনি জানান। শনিবার উত্তরের ৫ জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রাও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে।