পুবের কলম ওয়েব ডেস্কঃ এবারের নির্বাচনকে মানুষের অধিকার বাঁচানোর লড়াই হিসেবে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গীর জনসভা থেকে তিনি দাবি করেন, নাম বাদ পড়ার অভিযোগ সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে বেরিয়েছেন, কারণ তারা এই ভোটকে নিজেদের অধিকার রক্ষার মাধ্যম হিসেবেই দেখছেন।
আরও পড়ুন:
প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যজুড়ে প্রায় ৯০ শতাংশ ভোট পড়ার খবর সামনে এসেছে। এই প্রেক্ষিতে তৃণমূল নেত্রী বলেন, তালিকা সংশোধনের পর বহু নাম বাদ যাওয়ার অভিযোগ উঠলেও সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগে পিছিয়ে থাকেননি। তাঁর কথায়, মানুষ বুঝে গিয়েছেন এই নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, বরং নিজেদের অধিকার টিকিয়ে রাখার লড়াই।
চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও অভিযোগ করেন, আগামী দিনে নাগরিকপঞ্জি কার্যকর করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সেই আশঙ্কাও মানুষের ভোটে অংশগ্রহণ বাড়িয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।আরও পড়ুন:
এছাড়াও, মহিলা আসন সংরক্ষণ প্রসঙ্গ টেনে তিনি আসন পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, পরবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় শাসকদল সংরক্ষণের আড়ালে আসন সংখ্যা বাড়ানো ও পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, লোকসভা আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার একটি উদ্যোগ ছিল, যা তাদের বাধার মুখে থেমে যায়। তবে মহিলা সংরক্ষণ বিলের পক্ষে তাঁদের সমর্থন ছিল বলেও স্পষ্ট করেন তিনি।