মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের আবহেই ফের আন্তর্জাতিক কূটনীতিতে চাঞ্চল্য। খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সফরের কথা নিশ্চিত করেছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলেই জানিয়েছে মস্কো।

কূটনৈতিক মহলের ধারণা, আগামী সপ্তাহেই বেইজিংয়ে পৌঁছতে পারেন পুতিন। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটাই হবে তাঁর প্রথম চীন সফর। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই সফরের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের বরফ গলানোর চেষ্টা চলছে।

এদিকে বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত এক দশকের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠকে উঠে আসে ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ, তাইওয়ান ইস্যু-সহ একাধিক স্পর্শকাতর আন্তর্জাতিক বিষয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে ট্রাম্পের এই সফর একবার পিছিয়েও গিয়েছিল। জানা গিয়েছে, শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ও মধ্যাহ্নভোজের মাধ্যমে সফর শেষ করবেন তিনি।