রাস্তায় বচসার জের ধরে এক ব্যক্তি ও তার পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগে প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর এবং তার দুই আত্মীয়কে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। একজন অভিযুক্ত পলাতক রয়েছে।
পুলিশের ভাষ্যমতে, ঘটনাটি ঘটে শনিবার। স্থানীয় বাসিন্দা ইউসুফ খান গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার একটি গর্ত থেকে তার গাড়ির পানি ছিটকে পাঠানের শ্বশুরবাড়ির আত্মীয় শোয়েব খানের গায়ে লাগে।
অভিযোগ উঠেছে, দ্বিতীয় সংঘর্ষের সময় দলটি ইউসুফ খান ও তার পরিবারের সদস্যদের ওপর বাঁশের লাঠি ও বেসবল ব্যাট দিয়ে হামলা চালায়।পুলিশ জানিয়েছে, এই হামলায় ইউসুফ খানের ভাই সালমানের হাত ভেঙে গেছে এবং তার চাচা জাকি আহমেদ গুরুতর আহত হয়েছেন।
সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এবং বাঁশের লাঠি ও বেসবল ব্যাট উদ্ধারের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং চতুর্থ সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করেছে।
আঘাত করা, আক্রমণ এবং বেআইনি কার্যকলাপ সম্পর্কিত ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের আদালতে হাজির করা হলে, আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় ।
পুলিশ জানিয়েছে, আরও তদন্ত চলছে।