রাজ্যে নতুন সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পথে এগোচ্ছে বিজেপি সরকার। সোমবার লোকভবনে একযোগে শপথ নিতে চলেছেন আরও ৩৫ জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই রবিবার সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত সরকার সোমবার সকাল ১১টায় মন্ত্রিসভার সম্প্রসারণ করবে।
ওই অনুষ্ঠানে রাজ্যপাল আর.এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রীও শপথ গ্রহণ করেছিলেন। সোমবার আরও ৩৫ জন মন্ত্রী শপথ নিলে রাজ্য মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৪১-এ।
সূত্রের খবর, নতুনদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। পশ্চিমবঙ্গে বিধান অনুযায়ী সর্বাধিক ৪৪ জন মন্ত্রী রাখা যায়।আরও পড়ুন:
শপথগ্রহণের পরই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হতে পারে। রাজনৈতিক সূত্রে খবর, বর্তমানে দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করা হতে পারে।
অন্যদিকে অর্থ দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের কাছেই রাখতে পারেন বলে জল্পনা। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরও তাঁর হাতেই থাকতে পারে।আরও পড়ুন:
বিজেপি সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে শুধু রাজনৈতিক সমীকরণ নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা, জেলার প্রতিনিধিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের অংশগ্রহণকেও। ফলে নতুন মন্ত্রিসভায় একাধিক প্রথমবারের বিধায়ক এবং বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে। মন্ত্রিসভার সম্প্রসারণের মাধ্যমে নতুন সরকার প্রশাসনিক কাজের গতি আরও বাড়াতে চাইছে বলেই মনে করা হচ্ছে।