রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রবিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৪টা নাগাদ আচমকাই আগুন লাগে ওই বহুতলে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৪টি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী। ততক্ষণে বাড়ির ভেতরে আটকে পড়েন বহু বাসিন্দা।

দমকলকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই দশজনেরও বেশি মানুষকে বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

তবে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাড়িটির দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে এবং সেখান থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। সূত্রের খবর, একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণের জেরেই এই আগুন লাগতে পারে, যদিও এখনও পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হয়নি।
ঘটনার পর পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন লাগল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।