পুবের কলম প্রতিবেদক:  সংরক্ষণ নিয়ম মেনে এবার ভর্তির আবেদন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।  এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা, ইংরেজি সহ ১৫টি বিষয়ে ভর্তি নেওয়া হবে। সংরক্ষণ নিয়ম মেনেই ভর্তি নেওয়া হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৫৫ শতাংশ এবং এসসি, এসটি, শারীরিকভাবে অক্ষম ও দৃষ্টিহীন প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

নেট অথবা সেট পাশ থাকলে অগ্রাধিকার মিলবে। আবেদন প্রার্থীরা  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

চলতি শিক্ষাবর্ষের ফেব্রুয়ারি সেশনের জন্য এই প্রোগ্রামে পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারবেন। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শুরু বুধবার থেকেই।

বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভাগ থেকে পিএইচডি-র সুযোগ রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে বাংলা, ফিলোজফি, রাষ্ট্রবিজ্ঞান, হিন্দি, সমাজবিদ্যা, কেমিস্ট্রি, জিওলজি, ফিজিক্স, লাইফ সায়েন্সেস, ইকোনমিক্স, গণিত, ভূগোল, স্ট্যাটিস্টিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্স। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রাজারহাট ক্যাম্পাসে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এও পিএইচডির সুযোগ রয়েছে। আবেদনকারীদের এর জন্য সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ থাকতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনপত্র এবং নথি পাঠানোর শেষ দিন যথাক্রমে ১৮ এবং ২০ ফেব্রুয়ারি।