পুবের কলম,ওয়েবডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে একের পর একটি দফা শেষ হচ্ছে, আর ক্রমশ ‘অস্থির’ হয়ে উঠছে মোদি অ্যান্ড কোং। ফলত ভোটবাজারে ঘৃণা-বিদ্বেষের ফেরি করছে তারা। নির্দিষ্ট ধর্ম-সম্প্রদায়কে আক্রমণ করার পাশাপাশি এবার বর্ণবিদ্বেষ জাগিয়ে তোলার প্রয়াস দেখা গেল মোদির ভাষণে, এমনটাই অভিযোগ বিরোধীদের।
আরও পড়ুন:
কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরম অভিযোগ তুলেছেন, ভোট বিতর্কে গায়ের রংয়ের বিষয়টি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টতই বর্ণবাদী মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার চিদম্বরম টুইট করেন- ভারতের রাষ্ট্রপতির পদে গত নির্বাচনে দুইজন প্রার্থী ছিলেন, শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং শ্রী যশবন্ত সিনহা। বিজেপি এবং তার সহযোগীরা শ্রীমতি মুর্মুকে সমর্থন করেছিল। কংগ্রেসসহ ১৭ বিরোধী দল সিনহাকে সমর্থন করেছিল।
একজন প্রার্থীর জন্য সমর্থন চামড়ার রঙের উপর ভিত্তি করে ছিল না মোটেই। আর একজন প্রার্থীর বিরোধিতাও গায়ের রঙের ভিত্তিতে ছিল না। সমর্থন বা বিরোধিতা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এবং প্রতিটি নির্বাচক তার দলের সিদ্ধান্ত মেনে চলেন। মাননীয় প্রধানমন্ত্রী কেন নির্বাচনী বিতর্কে গায়ের রং টেনে আনলেন? প্রধানমন্ত্রীর মন্তব্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং স্পষ্টতই বর্ণবাদী। এভাবেই মোদিকে একহাত নেন কংগ্রেস নেতা।
আরও পড়ুন:
তবে এই ঘটনার শুরু হয়েছিল আগেই। বিতর্কিত মন্তব্য করেছিলেন স্যাম পিত্রোদা। ভারতের বৈচিত্রকে তুলে ধরতে গিয়ে ভারতীয়দের গায়ের রঙ নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। পূর্ব ভারতের বাসিন্দাদের দেখতে চিনাদের মতো। উত্তর ভারতের বাসিন্দাদের তিনি তুলনা করেন শ্বেতাঙ্গদের সঙ্গে।
আরও পড়ুন:
পশ্চিম ভারতীয়দের আরবি এবং দক্ষিণ ভারতীয়দের আফ্রিকানদের সঙ্গে তুলনা করেন। স্বাভাবিকভাবেই স্যাম পিত্রোদার এই মন্তব্যকে প্রধানমন্ত্রী হাতিয়ার করে সরাসরি নিশানা করেন রাহুলকে।
প্রধানমন্ত্রীর দাবি, স্যাম পিত্রোদার মন্তব্য আদতে গায়ের রঙের ভিত্তিতে ভারতের বহু বাসিন্দাকে অপমান করা।আরও পড়ুন:
বুধবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশবাসীকে গায়ের রঙের ভিত্তিতে তাদের অসম্মান করা সহ্য করবে না আমার দেশ। আমি আমার সহনাগরিকদের অপমান সহ্য করব না। ‘শাহজাদা’ আপনাকে জবাব দিতে হবে। আরও এক কদম এগিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি এখন বুঝতে পারছি, কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করে চলেছে কংগ্রেস। শুধুমাত্র তার গায়ের রঙ কালো হওয়ার কারণে তাকে রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন করেনি কংগ্রেস, এমন অভিযোগ তোলেন তিনি।