পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এবার সরাসরি আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ টেনে তিনি দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ণ নিয়ন্ত্রণ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। একইসঙ্গে ‘আদানি-এপস্টিন’ ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিঁধে রাহুল কটাক্ষ করেন, ৫৬ ইঞ্চির ছাতি থাকলেও নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।
বাংলায় প্রথম জনসভায় বক্তব্য দিতে গিয়ে রাহুল বলেন, "প্রধানমন্ত্রী দেশবাসীকে নিজের ৫৬ ইঞ্চির ছাতির কথা বলেন। কিন্তু আমি যখন সংসদে দাঁড়িয়ে আদানি এবং এপস্টিন প্রসঙ্গে বলতে শুরু করেছিলাম, তখন মোদির সমস্ত তেজ হারিয়ে গিয়েছিল।
ভারত-আমেরিকা সমঝোতা নিয়ে মোদিকে তীব্র আক্রমণ করে রাহুল বলেন, "নরেন্দ্র মোদি ভারতকে এক ভয়ঙ্কর ধোঁকা দিয়েছেন। আমেরিকার সঙ্গে তিনি যে ধরনের চুক্তি করেছেন, তাতে বিজেপি বা তাঁর ব্যক্তিগত কোনো ক্ষতি হবে না; ক্ষতি হবে এ দেশের শ্রমিক, সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী এবং পশ্চিমবঙ্গবাসীর।" তিনি সরাসরি অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে ‘বিক্রি’ করে দিয়েছেন।