পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের আবহে রাজ্যের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে। এই অভিযোগ ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। রবিবার মগরাহাট পূর্ব ও পশ্চিমের সভা থেকে বিষয়টি নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর একদিনের মধ্যেই এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস আদালতের শরণাপন্ন হয়েছে।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত ২০ এপ্রিল।
ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার অভিযোগ করেন, রাতের অন্ধকারে একটি সরকারি অতিথিশালায় নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রার্থী দীপক হালদার ও তাঁর দলের কয়েকজন নেতা। এই বৈঠকের ভিডিও প্রমাণ তাঁদের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল প্রার্থীর আরও অভিযোগ, কমিশন নাকি বিজেপির নির্দেশে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে, অথচ তাঁদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় মানুষের সমর্থন তাঁদের পক্ষেই রয়েছে বলে দাবি তাঁর।আরও পড়ুন:
এই ঘটনার পর রবিবার নির্বাচনী প্রচারে আরও আক্রমণাত্মক হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, গোপনে বৈঠক করে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তাঁর দাবি, ওই বৈঠকের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং তার জেরেই প্রশাসনের একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। তাঁর কথায়, অপরাধীদের বদলে তদন্তে যুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্ট-এর দ্বারস্থ হয়েছে তৃণমূল। এখন আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী নির্দেশের দিকেই নজর রাজনৈতিক মহলের।