পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রেন দুর্ঘটনার খবরও যেমন শিরোনামে এসেছে, তেমনি মাঝপথে ট্রেন থেকে চালক 'ভুল' করে নেমে গেছেন, এই অবস্থায় ট্রেন আপন মনে চলতে শুরু করেছে, পরে অনেক সাধ্যি সাধনা করে তাকে থামাতে হয়েছে, এই রকম সংবাদও সামনে এসেছে। এবার মানুষকে দেখা গেল ট্রেন ঠেলে নিয়ে যেতে! আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে আমেঠিতে। রেলওয়ের কর্মীদের দেখা গেল সুপারম্যানের ভূমিকায়।

রীতিমতো কষ্ট করে এই অসাধ্য সাধন করতে দেখা গেছে রেলকর্মীদের।

রাস্তার মানুষ হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে এই আজব কীর্তি। এক ব্যক্তি এই গোটা ঘটনা ভিডিয়ো রেকর্ড করেন।

তার পর সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। রেল সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই ইঞ্জিনটি বিকল হয়ে যায়। বাধ্য হয়ে রেলের কর্মীরা ওই ইঞ্জিনটিকে ঠেলে মেইন লাইন থেকে সরিয়ে লুপ লাইনে নিয়ে যেতে হয়। প্রসঙ্গত, এগুলিকে ডিপিসি ট্রেন বলে।
মূলত রেলওয়ের কর্মীরা নজরদারির জন্যই এই ট্রেন ইঞ্জিন ব্যবহার করেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইন্সপেকশনে বের হওয়া ওই ট্রেনটি আমেঠী জেলার নিহালগড় রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রাকে আটকে যায়। যান্ত্রিক ত্রুটির কারণ সেটিকে কোনওভাবে চালু করা যাচ্ছিল না। একান্ত বাধ্য হয়েই রেলকর্মীদের ট্রেনটিকে ঠেলতে হয়। রেল স্টেশনে এই বিপত্তির কারণে মেইন লাইনে একাধিক ট্রেন আটকে পড়ে। পরিষেবা ব্যাহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।