পুবের কলম, ওয়েবডেস্ক: কর্মীদের বেতন না দিয়ে এবং কোনো আগাম নোটিশ ছাড়াই আচমকা দপ্তর বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পুনের হিনজেওয়াড়ির আইটি সংস্থা 'থিংক টেকনোলজি ইন্ডিয়া'-র বিরুদ্ধে। এর ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সদ্য পাস করা তরুণ ও ইন্টার্ন মিলিয়ে প্রায় ৭০০-রও বেশি কর্মী রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। বকেয়া বেতন না দেওয়া, চেক বাউন্স এবং কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে ইতিমধ্যেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার-কে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী এক ইন্টার্নের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুনের হিনজেওয়াড়ি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ইতিমধ্যেই ৩০ জনেরও বেশি কর্মী ও ইন্টার্ন একই ধরনের জালিয়াতির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই মামলায় গ্রেফতার হওয়া সিইও-র পাশাপাশি কোম্পানির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এবং হিউম্যান রিসোর্স ম্যানেজারের বিরুদ্ধেও বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।আরও পড়ুন:
ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, গত এপ্রিল মাস থেকে আচমকাই সমস্ত কাজকর্ম বন্ধ করে দেয় সংস্থাটি। বহু কর্মী প্রতিদিনের মতো অফিসে এসে দেখেন মূল ফটকে তালা ঝুলছে এবং কোম্পানির শীর্ষ কর্তাদের ফোন বন্ধ। বকেয়া বেতন তো দূর অস্ত, কর্মীরা তাঁদের ব্যক্তিগত জিনিসপত্র ও প্রয়োজনীয় নথিপত্রও অফিস থেকে সংগ্রহ করার সুযোগ পাননি।