পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্য আফ্রিকার একাধিক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। বিশেষ করে কঙ্গো প্রজাতন্ত্রে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। এরফলে সেদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী দেশটিতে ইবোলার প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও ৬০০ জন সংক্রমিত হয়েছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত-আফ্রিকা ফোরাম সামিট স্থগিত ঘোষণা করা হলো। 

আগামী ২৮ থেকে ৩১ মে নয়াদিল্লিতে ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন হওয়ার কথা।

জানা যাচ্ছে, এই সম্মেলনে আফ্রিকার প্রায় ৫৪ জন রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণের কথা ছিল। ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, আফ্রিকার বেশ কিছু অংশে উদ্বেগজনক বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সম্মেলন আপাতত স্থগিত রাখা হচ্ছে। একইসঙ্গে আফ্রিকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  আফ্রিকা সিডিসি-র মাধ্যমে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে ভারত সবরকম সাহায্য করবে।
কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সামিটের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে। মূলত যেকোনো জনস্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য আফ্রিকান ইউনিয়ন এবং আফ্রিকান নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে এই অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, বর্তমানে ইবোলার প্রাদুর্ভাব গণতান্ত্রিক  কঙ্গো প্রজাতন্ত্র এবং উগান্ডায় দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। কোনওরকমের ঝুঁকি এড়াতে ভারতের তরফে এনিয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছে। এবার স্থগিত করা হল সামিট।