পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ফের একবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরামবাগের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় তিনি অত্যন্ত ব্যথিত এবং এই ‘অবিচার’ রুখতে তিনি প্রয়োজনে আবারও আদালতের দ্বারস্থ হবেন।
 
এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মন ভালো নেই। প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে।

প্রায় ২৭ লক্ষ নাম বিচারাধীন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে এরা বৈধ ভোটার।” তিনি প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট যখন ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ দেওয়ার কথা বলেছিল, তখন কেন তার আগেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হলো?
 
নাম বাদ দেওয়া নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আত্মবিশ্বাসী সুরেই কথা বলেন।
তিনি বলেন, “এতে কোনো ফারাক পড়বে না। একটা ভোট থাকলেও তা তৃণমূলের বাক্সেই পড়বে। বিজেপি বা অন্য কোনো দল ভোট কেটে কিছুই করতে পারবে না। এর আগে ৩২ লক্ষ মানুষের নাম আমি নিজে কেস করে তুলে দিয়েছিলাম। আজ হোক বা কাল, সবার নাম তালিকায় উঠবেই।”