পুবের কলম, কলকাতা: প্রথম দফার নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টার পর থেকেই প্রথম দফার ভোটের জন্য এই তালিকা 'ফ্রিজ' বা অপরিবর্তনীয় করে দেওয়া হয়েছে। দীর্ঘ টানাপোড়েন এবং স্ক্রুটিনির পর অবশেষে সোমবার গভীর রাতে বিবেচনাধীন ভোটারদের নিয়ে বিশেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন।
 
গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের প্রকাশিত এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকায় এক ধাক্কায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছিল। সোমবার প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, বিবেচনাধীন তালিকা থেকে মোট ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন তাঁদের ভোটাধিকার ফিরে পেয়েছেন।

সমস্ত যাচাইয়ের পর রাজ্যজুড়ে মোট ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
 
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সোমবার রাত ১২টা পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা যাঁদের নাম নতুন করে প্রকাশিত হয়েছে, কেবল তাঁরাই প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার মধ্যরাতের পর প্রথম দফার ভোটার তালিকায় আর কোনো সংযোজন বা বিয়োজন করা সম্ভব নয়।
 
যাঁদের নাম এই পর্যায়েও তালিকায় ওঠেনি, তাঁদের জন্য বিকল্প পথ খোলা রেখেছে কমিশন। জানানো হয়েছে, বাদ পড়া ব্যক্তিরা পুনরায় ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তবে ট্রাইব্যুনালের নির্দেশে নাম তালিকায় উঠলেও, সংশ্লিষ্ট ব্যক্তি যদি প্রথম দফার নির্বাচনী এলাকার ভোটার হন, তবে তিনি এবারের ভোটে অংশগ্রহণ করতে পারবেন না।