পশ্চিমবঙ্গে প্রায় ২৭ লক্ষ ‘ডিলিটেড’ ভোটারের ভবিষ্যৎ নির্ধারণে আজ গুরুত্বপূর্ণ দিন। ট্রাইবুনালের ছাড়পত্রের অপেক্ষায় থাকা এই ভোটাররা আদৌ আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তার উত্তর মিলতে পারে আজই। বিষয়টি নিয়ে আজ দুপুর আড়াইটেয় শুনানি রয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ৬ ও ৯ এপ্রিল দু’দফায় ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার ফলে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে। এঁদের অনেকেই নিজেদের ভারতীয় নাগরিক দাবি করলেও, ‘বিচারাধীন’ তকমায় আপাতত ভোটাধিকার হারিয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হলেও এখনও সব মামলার নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে বিশেষ ক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আর্জি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তবে নিবার্চন কমিশন স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র বাংলার জন্য আলাদা করে নিয়ম বদল সম্ভব নয়।
বর্তমান নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাঁরাই ভোট দেওয়ার অধিকারী। কিন্তু কমিশনের ত্রুটির কারণে সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবেন—এই প্রশ্ন তুলে একাধিক আবেদনকারী আদালতের দ্বারস্থ হয়েছেন।
এদিকে, বিনা নোটিসে নাম বাদ যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি বিজেপি-জোট শরিকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। ইতিমধ্যে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং বিষয়টিতে হস্তক্ষেপের দাবি উঠেছে।
সব মিলিয়ে, লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের এই গুরুত্বপূর্ণ শুনানির উপর। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই নির্ধারণ করবে— ‘বৈধ’ হয়েও তাঁরা ভোটাধিকার ফিরে পাবেন, নাকি এই নির্বাচনে বঞ্চিতই থাকবেন।