জমি দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল ইডি। কসবা সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান বলে সূত্রের খবর।

শুক্রবার সকালে কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটে একযোগে তল্লাশি চালান তদন্তকারীরা। চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি।

তদন্তকারীদের দাবি, ওই ব্যবসায়ী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ। জোর করে জমি দখল ও বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে রয়েড স্ট্রিটের একটি হোটেলেও অভিযান চালান ইডির আধিকারিকরা। হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে শুরু হয় তল্লাশি।

হোটেল মালিককেও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও কসবায় এক পুলিশকর্মীর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই পুলিশকর্মী প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ বলে তদন্তকারীদের অনুমান। জমি দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শুধু কলকাতাতেই নয়, মুর্শিদাবাদের কান্দিতেও অভিযান চালিয়েছে ইডি। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে শান্তনু সিনহা বিশ্বাসের পৈত্রিক বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সূত্রের খবর, বাড়িটিতে তাঁর বোন তথা কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস থাকেন। তবে গত কয়েকদিন ধরে বাড়িটি তালাবন্ধ ছিল। প্রায় দু’ঘণ্টা অপেক্ষার পর তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। সেখানে তল্লাশি অভিযান এখনও চলছে।