ইসলামাবাদ, ১৪ জানুয়ারি: আসন্ন নির্বাচনে ব্যাট প্রতীক পাচ্ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক–ই–ইনসাফ বা পিটিআই। শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের তিন সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছে। বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মহম্মদ আলি মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি। দুর্নীতির মামলায় ইমরান খান এখনও জেলবন্দি।
সাজার কারণে তিনি নিজ দলের প্রধানের পদেও অযোগ্য। ফলে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। দলের চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলি খান।পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন মেনে গত ২২ ডিসেম্বর দলটির ব্যাট প্রতীক বাতিল করে ইসিপি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পিটিআই।
শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা বলেন, পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ফিরিয়ে দেওয়া পেশোয়ার হাইকোর্টের আদেশ প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ইমরান খান ও তার দলের কেউই ব্যাট প্রতীকে নির্বাচন করতে পারবেন না।আরও পড়ুন:
এদিকে, শনিবার রাতে পিটিআই চেয়ারম্যান গহর আলি খান বলেছেন, নির্বাচনী প্রতীক বাতিল করায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন। তিনি বলেন, ‘আমরা একটি শক্তিশালী দল। পিটিআইয়ের সব প্রার্থী নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। প্রার্থীদের নির্বাচনের প্রতীক সহ একটি তালিকা প্রকাশ করব আমরা।'