নতুন ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় রদবদল করল নির্বাচন কমিশন। এবার থেকে অফলাইনে আর নাম তোলা যাবে না। শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন নতুন ভোটারেরা। কমিশন জানিয়েছে, ফর্ম-৬ অনলাইনে পূরণ করেই নাম অন্তর্ভুক্ত করতে হবে।

এত দিন অফলাইন ও অনলাইন, এই দুই পদ্ধতিতেই আবেদন সম্ভব ছিল। ‘বিশেষ নিবিড় সংশোধন’ পর্বে এসেছে এই পরিবর্তন।

অনলাইন আবেদনে আধার কার্ড বাধ্যতামূলক নাম তোলার অনলাইন আবেদনে এখন আধার কার্ড জরুরি। ‘ই–সাইন’ করার জন্য আধার নম্বরের মাধ্যমে ওটিপি লাগবে বলেই এই নিয়ম।

আগামী ৯ ডিসেম্বর প্রকাশ পাবে নিবিড় সংশোধনের খসড়া তালিকা। তার পর থেকেই নতুন ভোটারেরা নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।

মৃত ভোটারদের তালিকা শুদ্ধ করতে কড়াকড়ি পশ্চিমবঙ্গে কতজন মৃত ভোটারের আধার কার্ড সক্রিয় রয়েছে,সেই তথ্যসহ রিপোর্ট দিয়েছে ইউআইডিএআই (আধার কর্তৃপক্ষ)। নির্বাচন কমিশন এখন এই তথ্যকে জেলা-ভিত্তিক করে সাজাচ্ছে এবং তা রাজ্যের ২৪টি জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠানো হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, মৃত ব্যক্তির নামে যদি কেউ এনুমারেশন ফর্ম জমা দেন, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এমন ভুলের জন্য জেলা থেকে বুথ স্তর পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মৃত ভোটারের নাম আর কোনওভাবেই ভোটার তালিকায় থাকবে না, এ ব্যাপারে কমিশন কঠোর। তিনি আরও জানান, বহু মানুষের ভোটার কার্ড আছে কিন্তু আধার নেই—এই সংখ্যাও কম নয়। নিরাপত্তার কারণে খসড়া তালিকা প্রকাশের আগে এই তথ্য প্রকাশ করা হচ্ছে না। কমিশনের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণ শুদ্ধ হবে, সেখানে কোনও মৃত ভোটারের নাম থাকবে না।