পুবের কলম, ওয়েবডেস্ক: 'মা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। ভাই আর আমাকে অবহেলা সহ্য করতে হয়েছে। রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে তার প্রাক্তন স্ত্রী, আমার মাকে বের করে দিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, আপ নেতা ভগবন্ত মান।' মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তার নিজের কন্যা সিরাত কউর মানের।

জনসমক্ষে প্রকাশিত একটি ভিডিয়োতে মান কন্যার এই ধরনের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশ্যে আসা একটি ভিডিয়োতে সিরাত কউর মান নিজের পরিচয় দিয়ে জানান, আমি সিরাত কউর মান। আমি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কন্যা।

শুরুতেই আমি স্পষ্ট করছি যে এই ভিডিওতে, আমি তাকে মিস্টার মান বা সিএম সাহাব বলে সম্বোধন করব। বহু বছর আগেই তিনি আমার কাছ থেকে বাবা ডাকার অধিকার হারিয়েছেন। সিরাতের আরও সংযোজন, আমার এই ভিডিয়োর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। তবে আমাদের সঙ্গে যা হয়েছে বিশ্বের সকলের তা জানা দরকার। আজ পর্যন্ত মানুষ যা শুনেছে তা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছে। কিন্তু তার (ভগবন্ত মান) জন্য আমাদের যা শুনতে হয়েছে, আমরা তা বর্ণনাও করতে পারিনি'।