মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির আবহে নিজেদের জ্বালানি অবকাঠামো সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ করল সংযুক্ত আরব আমিরাত। ইরানের সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে দেশের একাধিক গুরুত্বপূর্ণ তেল ডিপোর উপর লোহার খাঁচা বা ধাতব সুরক্ষা কাঠামো তৈরি শুরু করেছে আমিরাত প্রশাসন।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে, বিশাল তেল সংরক্ষণ কেন্দ্রগুলির উপর বিশেষ নকশায় লোহার জাল ও খাঁচা বসানো হচ্ছে। মূল উদ্দেশ্য, ছোট আকারের ড্রোন যাতে সরাসরি ডিপোতে আঘাত হানতে না পারে এবং বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো যায়।
আরও পড়ুন:
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি অবকাঠামো নিরাপত্তার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুদ্ধের প্রথম দিকেই ইরানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি আমিরাতে ইসরায়েলি সেনার উপস্থিতি এবং ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তেহরান।
আরও পড়ুন:
এরপর থেকেই আমিরাতের তেলক্ষেত্র ও ডিপোগুলিকে লক্ষ্য করে একাধিক ছোট ড্রোন হামলার অভিযোগ ওঠে।
যদিও বড়সড় ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি, তবু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে প্রশাসনের মধ্যে।আরও পড়ুন:
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি ফের জটিল হলে আমিরাতকেও সরাসরি নিশানা করা হতে পারে।
আরও পড়ুন:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির বড় অংশই নির্ভর করে তেল ও গ্যাস খাতের উপর। দেশটির মোট অর্থনীতির প্রায় ৩০ শতাংশ আসে এই খাত থেকে। ফলে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এখন আমিরাতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।