পুবের কলম প্রতিবেদক: কলকাতায় গঙ্গার ঘাটে প্রতি সন্ধ্যাতেই গঙ্গা আরতির আয়োজন হয়। হয় প্রসাদ বিতরণও। এবার সেই গঙ্গা আরতি দেখতে শহরে আসছেন বিদেশি পর্যটকরা। কলকাতা পৌর সংস্থার উদ্যোগে প্রত্যেকদিন বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি বন্দনা হয়। তবে, এবার কলকাতার গঙ্গা আরতি বন্দনা দেখতে প্রায় ৬৪ জন বিদেশি পর্যটক কলকাতায় আসছেন।
তাঁদের ব্যবস্থাপনা করছে কলকাতা পৌর সংস্থা।আরও পড়ুন:
এই প্রসঙ্গে মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ জানিয়েছেন, দুটি বাসে করে বাজে কদমতলা ঘাটে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। তিনি বলেন, 'মেয়র পারিষদ দেবাশিষ কুমার একটা লিস্ট দিয়েছেন। দু-তিন জন ভারতীয় আছেন। বাকি সবাই বিদেশি।
এনারা দুটো বাসে গঙ্গা আরতি দেখতে আসবেন। ওই দুটো বাসের পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমি কমিশনারকে নোট দিয়ে পাঠিয়েছি, যাতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকে। বিদেশীরা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হন।'আরও পড়ুন:
জানা গিয়েছে, গঙ্গার ঘাটে অতিরিক্ত ব্যবস্থাপনা থাকবে মকরসংক্রান্তিকে কেন্দ্র করে।
আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি মকরসংক্রান্তি উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ ভাবে ভোগের ব্যাবস্থাও করা হবে। রিভার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বাজে কদমতলা ঘাটে। তিনি আরও জানান, ১৪ তারিখে চক্র রেলও চলবে। সূত্রের খবর, রেল লাইনের সামনে যাতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই ব্যাবস্থা গ্রহণ করার জন্য কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে।