পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই থেকে সারা দেশে চালু হতে চলেছে নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প "বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)" বা সংক্ষেপে "জিরামজি"। এই প্রকল্পের আওতায় গ্রামে বসবাসকারী শ্রমিকদের বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে। সোমবার কেন্দ্রের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের কথাও জানানো হয়েছে।

কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্পের জন্য মোট ৯৫ হাজার ৬৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই নতুন কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সরকারের দাবি, ২০৪৭ সালের মধ্যে গ্রামীণ ভারতের অর্থনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এর আগে সংসদের শীতকালীন অধিবেশনে গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব পাশ হয়েছিল লোকসভা ও রাজ্যসভায়। এত দিন যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প চালু ছিল, তার পরিবর্তে নতুন কাঠামো আনা হয়েছে।

নতুন আইনে স্পষ্ট জানানো হয়েছে,  আগামী কয়েক দশকের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচিকে সাজানো হয়েছে।

নতুন ব্যবস্থায় দেশের সব রাজ্যের শ্রমিকরাই কাজের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর ১৫ দিনের মধ্যে কাজ না পেলে শ্রমিকদের নির্দিষ্ট হারে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে যে সব গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প চালু রয়েছে, সেগুলিকেও ধাপে ধাপে নতুন ব্যবস্থার অধীনে আনা হবে।এছাড়াও জানানো হয়েছে, নতুন শ্রম কার্ড তৈরি না হওয়া পর্যন্ত ভেরিফায়েড সব শ্রম কার্ড বৈধ থাকবে।