পুবের কলম প্রতিবেদক: আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কমতে চলেছে কলকাতা মেট্রোর পরিষেবা। এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন উত্তর-দক্ষিণ করিডরে ১৮৮টি এবং পূর্ব-পশ্চিম বা ইস্ট ওয়েস্ট করিডরে ৯০টি ট্রেন চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল।
আরও পড়ুন:
প্রসঙ্গত, উত্তর-দক্ষিণ করিডরে অন্যান্য দিন ২৮৮টি ট্রেন চলে। আর স্বাধীনতা দিবসের দিন চলবে মাত্র ১৮৮টি।
পাশাপাশি ইস্ট-ওয়েস্টেও আগের থেকে ট্রেন কমে হবে ৯০টি। রেল জানিয়েছে, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশেও প্রথম ট্রেন ছাড়বে ৬টা ৫০ মিনিটে।আরও পড়ুন:
পাশাপাশি দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে।
আর দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। আবার ওই ৯টা ৪০ মিনিটেই ছাড়বে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো। পাশাপাশি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোটি রাত সাড়ে ৯টায় ছাড়বে।আরও পড়ুন:
অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর-ফাইভগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর-ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে ছাড়বে। সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহের শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।