পুবের কলম, ওয়েবডেস্ক: অপেক্ষা আর কয়েকঘণ্টা। তার পরেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা ভারত। আজ, বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে নামবে ইসরোর পাঠানো চন্দ্রযান-৩। গতি কমিয়ে সফট ল্যান্ডিং করানোই এখনও সবথেকে বড় চ্যালেঞ্জ। এবড়ো-খেবড়ো ভূমিতে অবতরণের জন্য সঠিক জায়গা খুঁজে বের করাই প্রধান চ্যালেঞ্জ চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের কাছে।
চন্দ্রযান-৩ এর অবতরণ ২৩ অগস্ট থেকে পিছিয়ে ২৭ অগস্ট করা হতে পারে বলেও ইসরো জানিয়েছিল। তবে আজই অবতরণ হবে বলে সংস্থার তরফে জানানো হতে পারে জানানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থার তরফে। পরিকল্পনামাফিকই এগোচ্ছে চন্দ্রযান-৩।আরও পড়ুন:
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, কক্ষপথের শেষ ধাপে রয়েছে চন্দ্রযান-৩। মসৃণভাবেই কক্ষপথ ধরে এগিয়ে চলছে।
নিয়মিত চন্দ্রযানের সমস্ত সিস্টেমও পরীক্ষা করা হচ্ছে। আজ বিকেল ৫ টা ২০ মিনিট থেকে চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং অপারেশনের লাইভ সম্প্রচার করা হবে। টুইটারে এমনটাই জানিয়েছে ইসরো।যদি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারে চন্দ্রযান-৩, তবে রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত চতুর্থ দেশ হবে যারা চাঁদের মাটিতে পা দেবে। চাঁদের মাটিতে ৩০ কিলোমিটার ওপর থেকে নামবে বিক্রম। নামার সময় সমান্তরাল গতিবেগ থাকবে প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার ওপরে যখন ল্যান্ডার পৌঁছবে, তখন তার সমান্তরাল গতিবেগ হবে ৩৫৮ মিটার প্রতি সেকেন্ড। সেই সময় বিক্রমের ওপর থেকে নীচে নামার গতিবেগ থাকবে ৬১ মিটার প্রতি সেকেন্ডের কম। ভারতের চন্দ্রাভিযান যাতে পাকিস্তানেও দেখা যায় তার জন্য আবেদন জানিয়েছেন ইমরানের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরি। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী।