পুবের কলম,ওয়েবডেস্ক: পদ্ম যোগের জল্পনার মধ্যেই বাড়ি থেকে ‘জয় শ্রী রাম’ লেখা পতাকা হটালেন কমলনাথ। তাহলে কি কমলনাথের ‘কমল’ যোগ শুধুই জল্পনা? অবশ্য না আঁচালে বিশ্বাস নেই। রাজনীতি হল সম্ভাবনা শিল্প। বর্ষীয়ান কংগ্রেস নেতার দলবদলের জল্পনা নিয়ে তুঙ্গে রাজ্য-রাজনীতি।
এই পরিস্থিতিতে কমলনাথের গেরুয়া পতাকা হটানোর অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার কংগ্রেস নেতার বাড়ির ছাদে ‘জয় শ্রী রাম’ লেখা একটা গেরুয়া পতাকা উড়তে দেখা যায়। এরপরই 'হাত' ছেড়ে পদ্মতে 'জাম্প' করার জল্পনা প্রগাঢ় হয়। কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন কং নেতা নিজেই। এদিন বাসভবন থেকে নিজেই সেই পতাকা সরিয়ে দিলেন।
যদিও দলীয় সূত্রে খবর, কংগ্রেস ছাড়ছে না কমলনাথ। আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন।
আরও পড়ুন:
ঘটনার প্রেক্ষিতে রবিবার দিগ্বিজয় সিং জানিয়েছেন, আপাতত কংগ্রেসেই থাকবে কমল নাথ। কংগ্রেস নেতাদের বিজেপির যোগ দেওয়ার পিছনে ইডি, সিবিআইয়ে মতো কেন্দ্রীয় এজেন্সির ভয়ই কাজ করছে বলেই দলের নেতাদের মত।
আরও পড়ুন:
সপুত্র দলবদলের জল্পনার মধ্যে রাহুল গান্ধির সঙ্গে ফোনালাপ হয়েছে কমলের। দল না ছাড়ার আর্জি জানানো হয়েছে তাঁকে।