পুবের কলম, করিমপুর: আগামী সোমবার করিমপুরে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার করিমপুর রেগুলেটেড মার্কেট মাঠে আয়োজিত এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থকরা।
 
তেহট্ট মহকুমার বিভিন্ন এলাকা— বিশেষ করে তেহট্ট ও পলাশীপাড়া থেকে বহু কর্মী-সমর্থক ওই সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মধ্যে মহিলা সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। অনেকেই জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দেখা ও তাঁর বক্তব্য শোনার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।


 
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল নদিয়া জেলায় ভোটগ্রহণ। তেহট্ট মহকুমার অন্তর্গত করিমপুর, তেহট্ট ও পলাশীপাড়া— এই তিনটি বিধানসভা কেন্দ্রই ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের দখলে যায়। সেই সাফল্য ধরে রাখতেই এবার করিমপুরে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
 
এলাকার একাধিক কর্মীর দাবি, অভিষেকের সভা ঘিরে সংগঠনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শুক্রবার স্থানীয় চায়ের দোকানেও দেখা যায়, বেশ কয়েকজন যুবক সভায় যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন।
তাঁদের কথায়, “দাদার বক্তব্য শুনতে ভালো লাগে, উনি এলে পুরো এলাকার পরিবেশ বদলে যাবে।”
 
অন্যদিকে, মহিলা সমর্থকরাও সমানভাবে উৎসাহী। স্থানীয় বাসিন্দা শ্যামলী মণ্ডল ও স্বপ্না চক্রবর্তী জানান, এতদিন তাঁরা টিভি বা মোবাইলে অভিষেককে দেখেছেন, এবার সরাসরি দেখার সুযোগ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁদের কথায়, “ওনার কথা শুনে আমরা অনুপ্রাণিত। তাই সোমবার সকালেই সভায় যোগ দিতে রওনা দেব।”