পুবের কলম প্রতিবেদক: ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, ওই দিন কেন্দ্র সরকারের কর্মচারীদের অর্ধদিবস ছুটি দেওয়ার ঘোষণা করা হয়েছে আগেই। এ বার রাজ্যেও ওইদিন ছুটি ঘোষণার দাবি তুলল বিজেপি। তবে, রাজ্যে অর্ধদিবস নয়, পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্তর দাবি, 'রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ ওই পবিত্র দিনে সকলে যাতে উৎসবে সামিল হতে পারেন তার জন্য সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হোক।

ছুটি দেওয়ার অনুরোধ করা হোক বেসরকারি প্রতিষ্ঠানকেও। স্কুল, কলেজ বন্ধ রাখা হোক যাতে বাংলার নতুন প্রজন্ম দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান হতে পারে। বাংলায় আপনি অনেক নতুন তিথি, পরব, জন্মদিবসকে স্থায়ী সরকারি ছুটির আওতায় এনেছেন। চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে।'