পুবের কলম, ওয়েবডেস্ক: ডিসেম্বর মানে শীতের আমেজ। আজ নভেম্বর শেষ হতে চলল,  কিন্তু সেই ঠান্ডার ভাব কোথায়? কারণ ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে সুস্পষ্ট নিম্নচাপ।

শনিবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম মিগজাউম। নামটি দিয়েছে মায়ানমার। এই ঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে।
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। গতিপথ পরিবর্তনও হতে পারে।

ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে মূলত আছড়ে পড়তে পারে। তবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকেও ল্যান্ডফলের সম্ভাবনা।

ফলে এখনই কলকাতায় ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করবে। পশ্চিমের জেলাতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। আগামী পাঁচ সাতদিনে আপাতত শীতের আমেজ বাড়বে না। পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহন্তে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি। পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ।