পুবের কলম, ওয়েবডেস্ক: আপনি কি নতুন প্যান কার্ড (PAN Card) তৈরির কথা ভাবছেন? তবে আপনার জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড আবেদনের নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন পর্যন্ত শুধুমাত্র আধার কার্ড থাকলেই অনায়াসে প্যান কার্ড পাওয়া যেত, কিন্তু নতুন অর্থবর্ষ থেকে সেই নিয়মে ইতি পড়তে চলেছে।

কী এই নতুন নিয়ম?
 
আয়কর দপ্তরের সূত্র অনুযায়ী, প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে এবং পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া আরও মজবুত করতে নথিপত্র জমার তালিকায় কড়াকড়ি করা হচ্ছে। ১ এপ্রিল থেকে আবেদনের সময় আধার কার্ডের পাশাপাশি পরিচয় বা জন্মতারিখের প্রমাণ হিসেবে আরও একটি অতিরিক্ত নথি জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। আধার কার্ডের পাশাপাশি যে কোনো একটি নথি দিতে হবে আবেদনকারীকে: 
 
🔹জন্মের শংসাপত্র (Birth Certificate)
🔹ভোটার আইডি কার্ড (EPIC)
🔹দশম শ্রেণির মার্কশিট বা অ্যাডমিট কার্ড (Admit Card)
🔹ড্রাইভিং লাইসেন্স (Driving License)
🔹পাসপোর্ট (Passport) 
🔹ম্যাজিস্ট্রেট প্রদত্ত হলফনামা (Affidavit)
 
প্যান বা 'পারমান্যান্ট অ্যাকাউন্ট নম্বর' হলো আয়কর বিভাগ কর্তৃক প্রদত্ত একটি ১০ অংকের অনন্য পরিচয়পত্র।

বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি অপরিহার্য। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা বড় অঙ্কের টাকা লেনদেনে প্যান বাধ্যতামূলক। পার্সোনাল লোন বা হোম লোনের আবেদনের ক্ষেত্রে প্যান কার্ড ছাড়া এগোনো সম্ভব নয়। ট্যাক্স জমা দেওয়া বা রিটার্ন ফাইল করার জন্য এই নম্বর আজীবন অপরিবর্তিত থাকে।