পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আবহে নতুন ইস্যু হিসেবে সামনে এল মাছ উৎপাদন। বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে গভীরভাবে জড়িত এই বিষয়কে কেন্দ্র করেই এবার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 
বৃহস্পতিবার হলদিয়ায় নির্বাচনী সভা থেকে বাংলার মাছ উৎপাদন নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদি। তাঁর দাবি, বিপুল চাহিদা থাকা সত্ত্বেও মাছ উৎপাদনে এখনও স্বয়ংসম্পূর্ণ নয় রাজ্য।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী মৎস্য প্রকল্প’ সঠিকভাবে কার্যকর করা হয়নি। তিনি আশ্বাস দেন, তাঁদের সরকার ক্ষমতায় এলে বাংলা মাছ উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে।
 
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁ ও পলতার জনসভা থেকে তিনি পালটা দাবি করেন, মাছ উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
তাঁর কথায়, আগে ইলিশের জন্য বাংলাদেশে নির্ভর করতে হলেও এখন রাজ্যেই ইলিশ চাষ হচ্ছে। পাশাপাশি অন্যান্য মাছ উৎপাদনেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
 
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি বিজেপিকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, কিছু রাজ্যে কেন মাছ-মাংস খাওয়া নিয়ে বিধিনিষেধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর সাফ বার্তা, বাংলার খাদ্যসংস্কৃতি নিয়ে বিজেপির চিন্তা করার প্রয়োজন নেই।