পুবের কল ওয়েবডেস্কঃ বঙ্গে আসন্ন বিধানসভা ঘিরে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। সেই আবহে এবার বিতর্কে জড়াল নির্বাচন কমিশন। একটি বিজ্ঞপ্তি ঘিরে বিপাকে পড়েছে ইসি। এই বিজ্ঞপ্তির পরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কমিশনের কঠোর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের একটি নথিতে বিজেপির স্ট্যাম্প দেখা যাওয়ার অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরেই হাতে সেই কাগজ তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মুখ্যামন্ত্রী। তাঁর কথায়, এই ঘটনাই প্রমাণ করে “ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “পেছনের দরজা দিয়ে কেন?

সামনে এসে কাজ করুন।”এর আগে একাধিকবারই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে, কমিশন বিজেপির প্রভাবেই কাজ করছে। শাসক দল তৃণমূল কংরেসের তরফেও একই সুর শোনা গিয়েছে বারবার। নতুন এই ঘটনাকে ঘিরে সেই অভিযোগই আবার সামনে চলে এসেছে।

যদিও গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কমিশন।

তাদের দাবি, এটি নিছকই ‘ক্ল্যারিকাল’ ভুল, এর সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। কিন্তু, এত বড় ভুল হল কীভাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ দিন ভোটার তালিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে দেরি নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। পরবর্তীতে যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তা তাঁর আইনি পদক্ষেপের ফল বলেও দাবি করেন মমতা। একই সঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।